মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবারও সচল হতে যাচ্ছে। প্রবাসী কল্যাণমন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর জানিয়েছেন, বুধবার (৬ নভেম্বর) কুয়ালালামপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সেদেশের মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগেরানের এক দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর ঢাকায় দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভার পর শ্রমবাজার সচল হওয়ার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছেন দুই মন্ত্রী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কুয়ালালামপুরে পার্লামেন্ট ভবনে স্থানীয় সময় সকাল ১১ টায় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারানের সঙ্গে শ্রমবাজার খোলার বিষয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের মন্ত্রী মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার দ্রুত সময়ে খোলার বিষয়ে একমত হয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, দুই দেশের মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানো, উভয় দেশের রিক্রুটিং এজেন্সিগুলোর সম্পৃক্ততার পরিধি, মেডিক্যাল পরীক্ষা, কর্মীর সামাজিক ও আর্থিক সুরক্ষা ও ডাটা শেয়ারিং বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। বিশেষ করে, ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানো এবং কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার বিড়ম্বনা নিরসনের জন্য বাংলাদেশ থেকে বহির্গমনের আগে মাত্র একবার স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছেন। এ প্রসঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা সভায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ ও ২৫ নভেম্বর ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো পুনরায় শুরু হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনার শহীদুল ইসলাম, অতিরিক্ত সচিব ড. আহমেদ মনীরুস সালেহীন, যুগ্মসচিব ফজলুল করীম, ডেপুটি কমিশনার ওয়াহিদা আহমেদ, কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ জহিরুল ইসলাম ও বিএমইটি’র পরিচালক ড. নুরুল ইসলাম।
মালয়েশিয়া প্রতিনিধি দলে ছিলেন মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতু আমির বিন ওমর, ডেপুটি সেক্রেটারি জেনারেল দাতু কয়া আবুন, ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. খাইরুজ্জামান, লেবার ডিপার্টমেন্টের মহাপরিচালক দাতু মোহাম্মদ জেফরি জোয়াকিম আসরী, আন্ডার সেক্রেটারি মিস বেটি হাসান, আন্ডার সেক্রেটারি আব্দুর রহমান, ডেপুটি আন্ডার সেক্রেটারি শাহাবুদ্দিন ও ডেপুটি আন্ডার সেক্রেটারি শাহ বাচিক প্রমুখ।








