সব পেশার মানুষকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘কোনও পেশাই অসম্মানের নয়। আমি নিজেও বিদেশে রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করেছি।’ বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্র পরিচালক অরণ্য পলাশকে নিজের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
অনাড়ম্বর এক অনুষ্ঠানে ‘গন্তব্য’ সিনেমা নির্মাণ করতে গিয়ে নিঃস্বপ্রায় চলচ্চিত্র পরিচালক অরণ্য পলাশের হাতে তথ্যমন্ত্রী নিজের পক্ষ থেকে এক লাখ টাকার অনুদান দেন।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মিজান-উল-আলম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক অরণ্য পলাশ ও তার নির্মিত ‘গন্তব্য’ চলচ্চিত্রের প্রযোজক এলিনা শাম্মীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি নিজে যখন বিদেশে পড়েছি, তখন আমি হোটেল-রেস্তোরাঁয় কাজ করতাম। আমি নিজেও টি-বয়ের কাজ করেছি। এটি বলতে আমার কোনও দ্বিধা নেই। একদিন-দুদিন নয়, আমি বিদেশে অনেক দিন ছিলাম মাস্টার্স ও ডক্টরেট করার জন্য। সেখানে অনেক দিন কাজ করেছি, মাসের পর মাস। কোনও কাজই আসলে অসম্মানের নয়।’
হাছান মাহমুদ বলেন, ‘অরণ্য পলাশের পরিস্থিতি দেখে আমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব- সবার সঙ্গে আলোচনা করেছি কোনোভাবে আমরা তাকে সহায়তা করতে পারি কিনা। পরিচালক পলাশের চলচ্চিত্র যাতে মুক্তি পায়, সেজন্য আরও কত খরচ ও সহায়তা দরকার, কমিটির সঙ্গে সেটি আলোচনা করবো।’








