বাংলাদেশের অভিবাসন কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি বলেন, ‘সংবাদপত্র দেখলে বিষয়টি বোঝা যায়। এই বিষয়টি আমাদের মোকাবিলা করতে হবে।’
মঙ্গলবার (২৬ নভেম্বর) ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অভিবাসনের ভালো ও খারাপ দিকের বিষয়ে বলে শহীদুল হক বলেন, ‘শুধু অভিবাসীরা কোথায় আছে এবং কত টাকা পাঠাচ্ছে সেটি নিয়ে আমরা বিবেচনা করি। অভিবাসনের একটি খারাপ দিকও আছে, যেটি নিয়ে আমাদের চিন্তা করতে হবে।’
অভিবাসন একটি বিতর্কিত বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘১৩টি দেশ যারা আগে বিষয়টি সমর্থন করতো তারা এখন গ্লোবাল কমপ্যাক্ট থেকে বের হয়ে যেতে চাচ্ছে।’
বাংলাদেশ অভিবাসনকে উন্নয়নের একটি হাতিয়ার হিসেবে বিবেচনা করে এবং এটি আমাদের উন্নয়ন পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ বলে জানান তিনি।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমে মুনিরুস সালেহিন বলেন, বাংলাদেশ বর্তমানে অভিবাসন সুশাসন কাঠামো তৈরি করছে যেটি গোটা প্রক্রিয়াকে আরও সহজতর করবে।
অভিবাসনকে আরও কার্যকর করতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আগের যেকোনও সময়ের থেকে এটি এখন বেশি জরুরি।
বাংলাদেশের চ্যালেঞ্জ বিষয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রে অভিবাসীদের কাছে অভিবাসন সম্পর্কে সঠিক ও পরিপূর্ণ তথ্য থাকে না এবং তারা না জেনে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
অনুষ্ঠানে জাতিসংঘ আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বক্তব্য রাখেন।








