বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ে পাঁচ দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে বুধবার। আগামী ২৫-৩০ ডিসেম্বর ভারতের রাজধানী দিল্লিতে বসবে এই সম্মেলন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবে। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।
অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী ভিভেক জোহরীর নেতৃত্বে ১৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ফ্রন্টিয়ার আইজি এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।
একই সঙ্গে সীমান্ত সম্মেলন উপলক্ষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও সুসংহত করতে বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (এসআইপিকেএস)-এর সভানেত্রী সোমা ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল ভারতে যাবেন। এই প্রতিনিধি দলটি বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
সম্মেলনের প্রথম দিনে দিল্লির বিএসএফের চাওলা ক্যাম্পে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। এবারের সম্মেলনে সীমান্ত সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে। এরমধ্যে রয়েছে সীমান্ত হত্যা, চোরাচালান রোধ, অনুপ্রবেশ, সীমান্ত সড়ক নির্মাণসহ নানা বিষয়।
২৯ ডিসেম্বর সীমান্ত সম্মেলনের ‘যৌথ আলোচনার দলিল’ স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।








