কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় দ্গ্ধ পাঁচ শ্রমিক আজ হাসপাতাল ছাড়ছেন। ওই ঘটনায় এ পর্যন্ত মারা গেছেন ২২ জন। হাসপাতালে এখনও ভর্তি আছেন তিন জন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
যারা আজ বাড়ি ফিরছেন তারা হলেন−বশির, লাল মিয়া, জাকির, সাজিদ ও আসলাম। এখনো হাসপাতালে আছেন জিসান, শাখাওয়াত, সিরাজ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দিন।
তিনি বলেন, ‘আমাদের এখানে মোট ৩১ জন রোগী এসেছিল। রাত আড়াইটা থেকে পরদিন সকাল ১০টার মধ্যে মারা যান ১০ জন। পরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় ১২ জনকে। দুর্জয় নামের একজন বাড়ি চলে যান। এই ইউনিটে চিকিৎসাধীন ছিলেন আট জন। তাদের মধ্যে আজ বাড়ি যাচ্ছেন পাঁচ জন।’
তিনি রোগীদের চিকিৎসার বিষয়ে বলেন, ‘শরীরের ১০ থেকে ২৯ শতাংশ দগ্ধ ছিল অনেকের। আমাদের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে এবং সুচিকিৎসায় আজ তারা সুস্থ। তাদের রিলিজ দেওয়া হয়েছে।’
এখনও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান নাছির উদ্দিন।








