অনেকেই শর্টকার্ট উপায়ে এগোতে চায়। কেউ গ্রুপ অব কোম্পানিজ এর মালিক হতে চায়, কেউ কোটি টাকা আয় করতে চায়, আবার কেউ দ্রুততার সঙ্গে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে চায়। হঠাৎ বড় হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় সম্পদ আহরণে সবাই ব্যস্ত। এই উত্থানের প্রচেষ্টাই বর্তমান সময়ের বড় ব্যাধি।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদফতর অডিটোরিয়ামে জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘সুশাসন ও উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় সেমিনারে গণপূর্ত মন্ত্রী আরও বলেন, “চাকরিজীবী সবাই সততা অবলম্বন করছেন তা নয়, আবার সিস্টেম একেবারে স্বচ্ছ তাও সঠিক নয়। আমরা কাজের সিস্টেমকে এখনও আপডেট করতে পারিনি। কাজেই কিছু ত্রুটি-বিচ্যুতি হবেই। তবে দেখা উচিত, এই বিচ্যুতি ইচ্ছাকৃত না প্রয়োজনের তাগিদে।
অহেতুক, তথ্যহীন সংবাদের ভিত্তিতে গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য মন্ত্রী দুদক কমিশনারকে অনুরোধ জানান। এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, “কেউ অন্যায় ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হলে তাদের ছাড় দিতে রাজি নই। এ ব্যাপারে জিরো টলারেন্স। কিন্তু কেউ অন্যায়ভাবে হয়রানির শিকার যেন না হয়, সেটাও দেখতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করেন জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজ্জাম্মেল হক খান।








