শুরু হলো বছরের প্রথম অধিবেশন, চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ১৬:৫৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৮:২০

সংসদ অধিবেশন (ফাইল ফটো) একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম এ অধিবেশন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভেচ্ছা জানান।
বছরের প্রথম অধিবেশনে সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অধিবেশন শুরুর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আলী আশরাফ, শহীদুজ্জমান সরকার, কাজী কেরামত আলী, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দা জাকিয়া নূর।
এরপর স্পিকার বর্তমান সংসদের সংসদ সদস্য ইউনুস আলী সরকার, সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য আব্দুল কাদের, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন, এবাদত হোসেন মণ্ডল ও গুলজার আহমদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন।
এছাড়া কূটনীতিবিদ ও ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আশরাফ আলী, সাবেক বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত পদার্থবিদ মুক্তিযোদ্ধা অজয় রায়, কবি ও স্থপতি রবিউল হুসাইন, মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু, সংগীত পরিচালক বাসুদেব ঘোষ, বীরাঙ্গনা আফিয়া খাতুন খঞ্জনি, রাহেলা বেগম, সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের মা সুফিয়া খন্দকার এবং সংসদ সদস্য আখতারুজ্জামানের মা ফাতেমা খানমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এছাড়া তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তে, অস্ট্রেলিয়ার দাবানলে এবং দেশে-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়।
সংসদের রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনও সদস্যের মৃত্যুতে তার জীবন ও কাজের ওপর আলোচনা করা হয়। শোক প্রস্তাব উপস্থাপনের পর সংসদ সদস্যরা ইউনুস আলী সরকারের জীবনের ওপর আলোচনা করেন।

শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজনীতির পাশাপাশি চিকিত্সা পেশায়ও সক্রিয় ছিলেন ইউনুস আলী সরকার। তিনি মানুষকে বিনাপয়সায় চিকিৎসা ও ওষুধ দিতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ প্রমুখের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ফজলে হাসান আবেদ দেশের জন্য যথেষ্ট সম্মান নিয়ে এসেছেন।

অন্যদের মধ্যে  বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া প্রমুখ শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন।

পরে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।


চলমান সংসদের কোনও সদস্যের মৃত্যু হলে এরপরের সংসদের প্রথম বৈঠকে শোক প্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি হয়।

এদিকে রাষ্ট্রপতির ভাষণ সাংবিধানিক নিয়ম। তাই শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করেন স্পিকার শিরীন শারমিন। মুলতবির পর ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
সংসদ চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত
সংসদের শুরু হওয়া অধিবেশন আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য-উপদেষ্টা কমিটি। অধিবেশন শুরুর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটি এই সিদ্ধান্ত নেয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, প্রতিদিন বিকাল ৪টা থেকে সংসদের বৈঠক বসবে। বৈঠকে প্রয়োজনে অধিবেশনের সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম