ইলিশ সম্পদ উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি বছরের ৪ থেকে ১০ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে মন্ত্রণালয়। রবিবার (৮ মার্চ) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’-এর সভায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২০ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাটকা সংরক্ষণ সপ্তাহ’র উদ্বোধনী দিন (৪ এপ্রিল) জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ, সকাল সাড়ে সাতটায় ঢাকায় মৎস্য ভবন থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র্যালি এবং দেশের ৬৪ জেলায় একই সময়ে স্থানীয় মৎসজীবীসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হবে। ঢাকায় র্যালি শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মৎস্য অধিদফতরে জাটকা সংরক্ষণ সপ্তাহ নিয়ে সংবাদ সম্মেলন করবেন।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জাটকা নিধনের সঙ্গে জড়িত সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। দেশ, জাতি ও আইনের শাসনের স্বার্থে জাটকা নিধনের সাথে সম্পৃক্ত নেপথ্যের প্রভাবশালীদের প্রতিহত করা হবে। আর ইলিশ আহরণ বন্ধকালীন জেলেদের জন্য অবশ্যই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাটকা সংরক্ষণ বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শন, বেতার-টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান আয়োজন, ইলিশ বিষয়ক কর্মশালা আয়োজন, ঢাকা মহানগরের বিভিন্ন মৎস্য আড়ৎ, বাজার ও অবতরণ কেন্দ্রে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ইলিশ অধ্যুষিত ৫টি জেলা চট্টগ্রাম, ভোলা, চাঁদপুর, পটুয়াখালী ও পিরোজপুরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অংশীজনদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও জাটকা সংরক্ষণ সপ্তাহে জাটকা সংশ্লিষ্ট জেলা-উপজেলায় নৌ, সড়ক ও রিকশা র্যালি, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, হাট-বাজারে অভিযান পরিচালনা, শিশু-কিশোরদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, জেলেদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, মৎস্যজীবী জেলে পল্লিতে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সমাবেশ, পথ নাটক, আঞ্চলিক সংগীত এবং জাটকা রক্ষায় সমন্বিত বিশেষ অভিযান পরিচালনাসহ ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন সংশ্লিষ্ট দফতরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দফতর, পরিকল্পনা কমিশন, বাংলাদেশ আনসার ও ভিডিপি, র্যাব, নৌ-পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড-সহ ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের প্রতিনিধিরা।








