জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ধর্ষণ প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। এর জন্য আমাদের পরিবার থেকে পরিবর্তন আসতে হবে। নারীর প্রতি শ্রদ্ধাশীল হিসেবে সন্তানদের গড়ে তুলতে হবে।
রবিবার (৮ মার্চ) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০৭২ সালে সংবিধান প্রণয়ন করেছিলেন। সেখানে সুষ্পষ্টভাবে নারীর অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। যে দেশের সংবিধানে নারীর অধিকারের কথা থাকে, সেখানে নারীর উন্নয়ন বাধাগ্রস্ত হয় না।
তিনি আরও বলেন, সর্বক্ষেত্রে নারীরা অগ্রসর হয়েছেন। সর্বক্ষেত্রে তাদের দৃশ্যমান উপস্থিতি রয়েছে। মেধা দিয়ে তারা তাদের দায়িত্ব করে চলেছেন। কর্মক্ষেত্রে নারীর নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, নারী-পুরুষের সমতা আনার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধে ফরিদা ইয়াসমিন বলেন, নারীর উন্নয়নে, ক্ষমতায়নে সরকার ভালো ভালো উদ্যোগ গ্রহণ করেছে। দৃশ্যমান অনেক পরিবর্তন হয়েছে। এতকিছুর পরও বন্ধ হয়নি নারীর প্রতি সহিংসতা। এখনও নারী ঘরে-বাইরে নির্যাতিত হচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় এখনও নারী ধর্ষণের শিকার হচ্ছেন। কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে, গণপরিবহনে এমনকি রাস্তাঘাটে নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন ও মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী।








