রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ০০:২৮আপডেট : ১০ মার্চ ২০২০, ০০:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন ফ্রান্সের সশস্ত্রবাহিনী বিভাগের মন্ত্রী ফ্লোরেন্স পারলি। (ছবি: বাসস)

ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিভাগের মন্ত্রী ফ্লোরেন্স পারলি বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের ওপর আরও চাপ সৃষ্টি করা, যাতে তারা বাংলাদেশ থেকে তাদের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়।’ সোমবার (৯ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁওস্থ কার্যালয়ে (পিএমও) সৌজন্য সাক্ষাতের সময় ফ্লোরেন্স পারলি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, তার দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে ফ্রান্সের মন্ত্রীর এই বক্তব্য উদ্ধৃত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। খবর বাসস।

প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয়দানসহ বিভিন্ন সহায়তা দেওয়ায় সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ফ্লোরেন্স পারলি।

বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের বিভিন্ন ইস্যুতে মতৈক্য থাকার কথা উল্লেখ করে ফ্রান্সের মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ফ্রান্স বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একযোগে কাজ করছে।

ফ্লোরেন্স পারলি লালমনিরহাটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে তার দেশের আগ্রহ ব্যক্ত করেন।

জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ফ্রান্স এর মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং এক্ষেত্রে আরও সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই খাতে ফ্রান্সের কাছ থেকে আরও সহযোগিতা দেখতে চাই।’

আলোচনাকালে করোনা ভাইরাসের প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইতালি ফেরত দুইজনসহ মোট তিনজনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে ইতোমধ্যেই হাসপাতালে আলাদাভাবে (কোয়ারান্টাইনে) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সময় ফ্লোরেন্স পারলিও ফ্রান্সে করোনা ভাইরাসের পরিস্থিতির কথা তুলে ধরেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এটি ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রতিরক্ষা সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মারিও সুশোও এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া ফরাসি মন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা জেভিয়ার চ্যাটেল, সামরিক উপদেষ্টা ক্যাপ্টেন ক্রিস্টোফার ক্লুজেল এবং শিল্প উপদেষ্টা হার্ভে গ্র্যানজিঁয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ:

পরে ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিভাগের মন্ত্রী ফ্লোরেন্স পারলি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ফ্রান্স ও ইউরোপের জোরালো ভূমিকা ও সমর্থন প্রত্যাশা করেন এবং মিয়ানমার যেন আন্তর্জাতিক বিচারিক আদালতের ২৩ জানুয়ারি অন্তবর্তীকালীন আদেশ মেনে চলে সেজন্য দেশটির সরকারের চাপ প্রয়োগের অনুরোধ জানান।

এর জবাবে ফ্রান্সের মন্ত্রী ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি জানান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে মিয়ানমার।

এসময় দুইদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয় তার।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের সামরিক মন্ত্রী ফ্লোরেন্স পারলি

এছাড়াও তিনি বিমানবাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও আমর্ড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার মোহাম্মাদ মাহফুজুর রহমানের সঙ্গে বৈঠক করেন। 

ফ্রান্সের সামরিক মন্ত্রীর সফরের বিষয়ে জানতে চাইলে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘পৃথিবীর প্রধান শক্তিধর পাঁচটি দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন) সামরিক মন্ত্রীর বাংলাদেশ সফর দুর্লভ। এটি থেকে বোঝা যায় উন্নত বিশ্বের দেশগুলোর আগ্রহ আছে বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা ও অস্ত্র বিক্রি করার।’

উল্লেখ্য বাংলাদেশে সামরিক অস্ত্র বিক্রির বিষয়ে আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের এবং এজন্য গত ডিসেম্বরে ওইদেশের ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স অ্যাসিস্যান্ট সেক্রেটারি র‌্যান্ডল জি শ্রাইভার ঢাকা সফর করেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উচ্চ-প্রযুক্তির হেলিকপ্টার কিনতে আগ্রহী।

আরেকজন কর্মকর্তা বলেন, ‘রাশিয়া থেকে বাংলাদেশ অস্ত্র ক্রয় করার জন্য ২০১৩ সালে একটি চুক্তি করেছে এবং এর আগেও আমরা ওইদেশ থেকে অস্ত্র ক্রয় করেছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলিটারি ফোর্সেস গোল ২০৩০ ঘোষণা করেছেন এবং এর অধীনে একটি আধুনিক সামরিক বাহিনী তৈরি করতে চায় সরকার বলে তিনি জানান।

উল্লেখ্য ২০১৯-২০ বাজেট বইতে বলা হয়েছে ‘দক্ষ ও সবদিক থেকে উন্নত একটি আর্মি, নেভি ও এয়ার ফোর্স তৈরির জন্য আধুনিক সামরিক সরঞ্জাম, অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ, আধুনিক সামরিক কৌশল জানার জন্য প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। বিষয়গুলো বিবেচনা করে এটিকে  অগ্রাধিকার ক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয়েছে।’  

ওই কর্মকর্তা বলেন, ‘পশ্চিমা বিশ্বের আধুনিক সামরিক সরঞ্জামের দাম অন্যান্য সরবরাহকারীদের তুলনায় বেশি এবং তাদের সঙ্গে দর কষাকষির বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ সবসময়ে বিভিন্ন শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করে চলে এবং এক্ষেত্রেও ব্যতিক্রম হবে না।’

 

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম