আমদানি থেকে শুরু করে উৎপাদন পর্যায় পর্যন্ত পাইকারি মূল্যসহ পণ্যের খুচরা মূল্য মনিটরিং করবে বাণিজ্য মন্ত্রণালয়। এই লক্ষ্যে এখন থেকে প্রতি রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব নিজ কক্ষে সংশ্লিষ্টদের নিয়ে পণ্যের মূল্য তদারকির কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে ‘বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২০’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য সচিব বলেন, ‘আগামীকাল রবিবার (১৫ মার্চ) থেকে আমরা ট্র্যাডিশনের বাইরে প্রতি রবিবার সকাল সাড়ে ১০টায় আমার নেতৃত্বে একটি কমিটি বৈঠক করবো। বৈঠকে ভোক্তা অধিকার, টিসিবিসহ মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে। পাইকারি পর্যায়ে কী হচ্ছে দৈনিক, একই দিনে খুচরা পর্যায়ে কী হচ্ছে সেটাও আমরা দেখবো। আশা করি আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো।’
তিনি আরও বলেন, ‘সামনে রমজান মাস। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য একটাই- রমজান মাসে মানুষ যেন ভালো থাকে। এটা একটা প্রতিশ্রুতি এবং একটা চ্যালেঞ্জ।’
বাণিজ্য সচিব বলেন, ‘আমি চেষ্টা করছি একটা অ্যাপস তৈরি করার জন্য। এই অ্যাপসের মাধ্যমে আমরা এক জায়গায় বসে টের পাবো যে শ্যামবাজারে, মৌলভীবাজারে কী ঘটছে। অ্যাপস তৈরি করতে দায়িত্ব দিয়েছি একটি প্রতিষ্ঠানকে। আমরা আশা করি পবিত্র রমজান মাসে মানুষ কষ্ট পাবে এটা হতে পারে না। যেখানে দেশ এগিয়ে যাচ্ছে।’
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক শামীম আল মামুন, উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।








