আড়াই হাজার কোটি টাকা খরচ করে রোহিঙ্গাদের থাকার জন্য ভাসানচরকে প্রস্তুত করেছিল সরকার। কিন্তু কোনও রোহিঙ্গা যেতে রাজি না হওয়ায় সেখানে দেশের গরিব মানুষদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার করোনাভাইরাস মোকাবিলা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের কোনও ব্যক্তি শহরে জীবনযাপনে অক্ষম হলে সরকার তাকে ঘরে ফেরা কর্মসূচির অধীনে নিজ গ্রাম/ঘরে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা করছে। জেলা প্রশাসকরা এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
তিনি বলেন, সরকার ভাসানচরে পর্যাপ্ত আবাসন ও জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছে। আগ্রহীদের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভাসানচরের সুবিধা গ্রহণ করে নিজেদের স্বনির্ভর করে তুলতে সেখানে পর্যাপ্ত সংখ্যক লোকজন পাঠাতে সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।








