করোনাভাইরাসের প্রকোপের সময়ে কর্মরত সাংবাদিকদের জন্য সহায়তা চেয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে সাংবাদিকদের তালিকা হস্তান্তর করেছেন বিএফইউজে ও ডিইউজে নেতারা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে সাংবাদিকদের তালিকা হস্তান্তর করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে বিএফইউজে ও ডিইউজে'র পক্ষ থেকে সারা দেশের সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হয়েছে। তাদের কীভাবে রেশনিংয়ের আওতায় আনা যায়, সেটি আমরা আলোচনা করেছি। একইসঙ্গে কীভাবে আর্থিক সহায়তা করা যায়, সেটিও আলোচনা হয়েছে ।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘যেহেতু সাংবাদিকরা ঝুঁকির মধ্যে থেকে কাজ করছেন, সংবাদ পরিবেশন করছেন এবং করোনা মোকাবিলায়ও তারা কাজ করছেন, আমরা আশা করছি শিগগিরই তাদের জন্য ইতিবাচক কিছু করতে আমরা সক্ষম হবো।’ জাতীয় প্রেসক্লাবে ইতোমধ্যে একটি ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে বলে উল্লেখ করেন ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন সভাপতি মো. মতিউর রহমান তালুকদার ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি মো. আলমগীর হোসেন খানও এ সময় মন্ত্রীর কাছে নিজ নিজ সংগঠনের সদস্যদের তালিকা হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।








