করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটি ‘বন্দে ভারত মিশন’ নামে প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে। আজ শুক্রবার (৮ মে) ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের আজ থেকেই পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ভারতীয় দূতাবাস জানায়, বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের আজ শুক্রবার থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইট ভারতীয় নাগরিকদের শ্রীনগর (৮, ১২ ও ১৩ মে), দিল্লি (৯ ও ১১ মে), মুম্বাই (১০ মে) এবং চেন্নাই (১৪ মে) নিয়ে যাবে। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ জন যাত্রী বহন করা হবে। প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে আটকে পড়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরিয়ে নেওয়া হয়েছে।
হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়া ভারতীয় নাগরিকদের প্রথম দলটিকে বিদায় জানান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। তরুণ শিক্ষার্থীরা ঈদের আগে বাড়ি ফিরতে পারায় হাই কমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের ভারতে পৌঁছানোর পর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন।
ভারতীয় দূতাবাস আরও জানায়, অনেক ভারতীয় নাগরিক চাকরি, পড়াশোনা, পর্যটন, ব্যবসা ইত্যাদি বিভিন্ন কারণে লকডাউনের আগে বিভিন্ন দেশে গিয়ে আটকে পড়েছিলেন। এছাড়াও রয়েছেন অন্যান্য ভারতীয় নাগরিক, যাদের চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি বা পরিবারের সদস্যের মৃত্যুজনিত কারণে ভারত সফর অনিবার্য। তাই তাদের দেশে ফিরিয়ে নিতে ‘বন্দে ভারত মিশন’ হাতে নেওয়া হয়েছে। এই মিশন ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের সমন্বয়ে পরিচালিত একটি বৃহত্তর কার্যক্রম বলেও জানানো হয়।








