করোনা পরবর্তী উত্তরণের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২০২০-২১ অর্থবছরে মূল্যস্ফীতি ৫ দশমিক ৪ শতাংশ হবে বলে আশা করছে সরকার। একইসঙ্গে নতুন অর্থবছরের (মোট দেশজ উৎপাদন) জিডিপি’র আকার নির্ধারণ করা হয়েছে ৩১ লাখ ৭১ লাখ ৮০০ কোটি টাকা। নতুন অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, (জিডিপি) প্রবৃদ্ধি ক্রমাগত হারে বেড়েছে গত এক দশক যাবৎ। গত ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কিন্তু করোনার কারণে বিশ্বব্যাপী দীর্ঘসময় ধরে চলা লকডাউনের প্রেক্ষাপটে রফতানি কমেছে, প্রবাস আয় কমেছে বিধায় কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হয়নি। তাই চলতি অর্থবছরের (২০১৯-২০) জিডিপি প্রবৃদ্ধির হার সংশোধন করে ৫ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।








