দেশের মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতের টেকসই উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে পোলট্রি খাতের সুরক্ষায় মুরগির খাবার হিসেবে দুটি সয়া পণ্যের দাম কমানোর ও এই খাতকে রক্ষায় আমদানি করা প্রক্রিয়াজাত মুরগির মাংসের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতের টেকসই উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে উক্ত খাতের খাদ্যসামগ্রী ও নানাবিধ উপকরণ আমদানিতে বিগত সময়ে প্রদত্ত রেয়াতি সুবিধা অব্যাহত রেখে নতুন ২টি উপকরণ সয়াবিন অয়েল কেক (Soyabean oil cake) ও সয়া প্রোটিন কনসেনট্রেট (Soya protein concentrate) কে রেয়াতি সুবিধার অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। এর ফলে, পোল্ট্রি খাদ্য সামগ্রী কাঁচামালের আমদানি ব্যয় হ্রাস পাবে। এছাড়া, পোল্ট্রি খাতের প্রতিরক্ষণে প্রক্রিয়াজাত মুরগির অংশ বিশেষ (chicken in cut piece form) আমদানির ক্ষেত্রে শুল্ক হার বৃদ্ধির প্রস্তাব করছি।








