কামাল লোহানীর মৃত্যুতে বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জুন ২০২০, ১৪:৫২আপডেট : ২০ জুন ২০২০, ১৯:৪০

 কামাল লোহানী

করোনায় আক্রান্ত হয়ে শনিবার (২০ জুন) সকালে মারা গেছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানী (৮৬)। সাংস্কৃতিক আন্দোলনের এই পুরোধা ব্যক্তির প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, 'সাংস্কৃতিক আন্দোলনসহ বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন একজন পুরোধা ব্যক্তি।' কামাল লোহানীর প্রয়াণের খবর জানার পর তাকে একজন 'অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ যোদ্ধা' বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশে পদকপ্রাপ্ত এই ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শোক ও দুঃখ প্রকাশ করে পৃথক বার্তা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসি মেয়র মো. আতিকুল ইসলাম শোকবার্তায় বলেছেন, 'কামাল লোহানীর মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো।' মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মেয়র।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, 'সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে তার সরব পদচারণা ও কর্মযজ্ঞ এদেশের প্রতিটি মানুষকে প্রেরণা জোগাবে। তার এই মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।'

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'সর্বজন শ্রদ্ধেয় কামাল লোহানী ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার অতন্দ্র অধিনায়ক। প্রগতিশীল চেতনার অধিকারী এই দিকপালের তিরোধানে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো।'

শনিবার মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় শিক্ষামন্ত্রী বলেছেন, 'কামাল লোহানী ছিলেন একজন প্রকৃত অসাম্প্রদায়িক মানুষ ও প্রথিতযশা সাংবাদিক। তার মৃত্যু বাংলাদেশ এবং বুদ্ধিবৃত্তিক জগতের এক অপূরণীয় ক্ষতি।

পরিবেশ মন্ত্রী বলেন, 'সাংবাদিকতা ও সংস্কৃতির জগতে কামাল লোহানী একটি অবিস্মরণীয় নাম। তিনি উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। আজীবন দেশ ও মানুষের সেবায় নিবেদিত এই মহান ব্যক্তির মৃত্যুতে দেশ এক কৃতি সন্তানকে হারালো। তার কর্মের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে অনেককাল বেঁচে থাকবেন।'

এছাড়াও মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় কামাল লোহানীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিএফইউজে, ডিইউজ ও সুজন-এর শোক

প্রবীণ সাংবাদিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএফইউজে ও ডিইউজের। শনিবার (২০ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন- কামাল লোহানী আমাদের মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা ও সাংস্কৃতিক আন্দোলনে অসামান্য অবদান রেখেছেন। সত্তরের দশকে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কামাল লোহানী। দায়িত্ব পালন করেছেন ডিইউজের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

নাগরিক সংগঠন সুশাসেনর জন্য নাগিরক (সুজন)-এর পক্ষ থেকে শনিবার (২০ জুন) গণমাধ্যমে শোক বিবৃতি পাঠিয়েছেন সংগঠনটির সভাপতি এম. হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

শোকবার্তায় তারা বলেন, সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, প্রগতিশীল এই মানুষটি তার জীবদ্দশায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, ছায়ানট ও ক্রান্তিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সাংবাদিকতা জগতেরও উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

আরও খবর: মারা গেলেন করোনা আক্রান্ত কামাল লোহানী 




 

 

/এসএনএস/এসএমএ/এসএস/এসএসজে/ইএইচএস/এইচএন/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম