করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সমন্বয় সেল গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামকে ১৫ সদস্যের এই সেলের আহ্বায়ক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফজলে আজিম স্বাক্ষরিত অফিস আদেশের সেলের চারটি কর্মপরিধি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কর্মপরিধিতে বলা হয়েছে, গঠিত সেল করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দফতর বা সংস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ওপর অর্পিত সব দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়টি তদারকি ও সমন্বয় করবে।
এছাড়া, সিটি করপোরেশনগুলোর অধিক্ষেত্রে রেড জোন এলাকার জনপ্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিত্বসহ প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবীকে সম্পৃক্ত করে নাগরিক সেবা প্রদানের বিষয়গুলো তদারকি এবং মনিটরিং করবে এই কমিটি।
লকডাউন চলাকালে সিটি করপোরেশনসমূহ ও অন্যান্য সংস্থার কার্যক্রমসমূহ কীভাবে পরিচালিত হবে এ বিষয়ে সিটি করপোরেশন প্রণীত খসড়া (এসপিও) অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের গঠিত সেল চূড়ান্ত করবে এ কমিটি।
করোনা মোকাবিলার বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার বিভাগের দফতর বা সংস্থার কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের কাজের সমন্বয়ও করবে গঠিত এই কমিটি।
১৫ সদস্যের এই সেলে সদস্য হিসেবে রয়েছেন- যুগ্মসচিব মুস্তকীম বিল্লাহ ফারুকী, ড. মলয় চৌধুরী, খায়রুল ইসলাম, স্মৃতি কর্মকার, মোহম্মদ মোখলেসুর রহমান সরকার, বেগম সায়লা ফারজানা, মো. এরশাদুল হক, এমদাদুল হক চৌধুরী, উপসচিব নুমেরী জামান, তানভীর আজম ছিদ্দিকী, ফারুক হোসেন, ড. জুলিয়া মঈন, ও ইফতেখার আহরেমদ চৌধুরী। স্থানীয় সরকার বিভাগের উপসচিব (সিটি করপোরেশন) সেলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে বলা হয়েছে।








