১৯৭৫ সালে ও ১৯৮২ সালে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত দুটি সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো এখনও আইনে পরিণত হয়নি, সেগুলোকে আইনে পরিণত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে আগামী তিন মাস সময় দিয়েছে মন্ত্রিসভা। আগামী আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে অধ্যাদেশগুলোকে পুরোপুরি আইনি ভিত্তি দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, পঞ্চম সংশোধনী ও সপ্তম সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় অনুযায়ী দুটি সামরিক সরকারের শাসনামল অবৈধ হয়ে গেছে। ১৯৭৫ সালের ২০ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর সময়ের মধ্যে জারি করা সব অধ্যাদেশও অবৈধ। ওই দুই সামরিক শাসনামলে ১৭২টি অধ্যাদেশ জারি করা হয়েছিল।
এ অধ্যাদেশগুলোকেই আইনি ভিত্তি দিতে ১৯৭৫ সালের ২০ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারিকৃত অধ্যাদেশ ‘কার্যকরণ (বিশেষ বিধান) আইন ২০১৩’ এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর সময়ের মধ্যে জারিকৃত কিছু অধ্যাদেশ ‘কার্যকরণ (বিশেষ বিধান) আইন-২০১৩’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, অধ্যাদেশগুলো যুগোপযোগী করে বাংলায় অনুবাদ করে আইনের খসড়া হিসেবে মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে বিল আকারে পাস হয়ে আইনে পরিণত হচ্ছে। তবে যেগুলো বাকি আছে সেগুলোকে আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।








