করোনা পরিস্থিতিতে সরকারের মানবিক সহায়তার তালিকায় সারাদেশের ৫২ হাজার ৯৩৯টি দুঃস্থ পরিবারকে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মঙ্গলবার (১৮ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আবেদন জানান সংগঠনটির সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেশের ৫২ হাজার ৯৩৯টি দুঃস্থ, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত পরিবারের একটি তালিকা তৈরি করেছে। সেটা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর পাঠানো হয়েছে সরকারের মানবিক সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য।
উল্লেখিত তালিকায় ঢাকা বিভাগে আট জেলায় আট হাজার ৬০৭টি, চট্টগ্রাম বিভাগে ১০টি জেলার ১৩ হাজার ৭০০টি, ময়মনসিংহ বিভাগে পাঁচ জেলার তিন হাজার ৭৫৩টি, সিলেট বিভাগের চার জেলার ১২ হাজার ৬২টি, রাজশাহী বিভাগের দুই জেলার ৮৮৯টি, রংপুর বিভাগের সাত জেলার তিন হাজার ৮৫৭টি, খুলনা বিভাগের সাতটি জেলার পাঁচ হাজার ৭৬টি এবং বরিশাল বিভাগের ছয় জেলায় পাঁচ হাজার ১৩টি পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।








