বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুজিবনগরে পর্যটন সুবিধা উন্নয়নে কাজ চলমান রয়েছে। রবিবার (২৩ আগস্ট) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত মেহেরপুর জেলার সঙ্গে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
মাহবুব আলী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুজিবনগরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের আশপাশে সৌন্দর্য বর্ধনসহ পর্যটকদের নানান সুবিধা নিশ্চিত করার জন্য উন্নয়ন কাজ চলমান রয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে জেলা প্রশাসন এই কাজ বাস্তবায়ন করছে। এছাড়াও, মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের কাছে তুলে ধরার জন্য প্রশিক্ষিত গাইড নিয়োগের পরিকল্পনাও রয়েছে আমাদের।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমানে দেশের প্রতিটি অঞ্চলের পর্যটন সম্ভাবনা, সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় খুঁজে বের করার জন্য পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এই মহাপরিকল্পনা প্রণয়ন শেষে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পাওয়া যাবে। মহাপরিকল্পনা অনুযায়ী মুজিবনগরসহ সমগ্র মেহেরপুর জেলার পর্যটন উন্নয়নে করণীয় সবকিছু সম্পাদন করা হবে।’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবেরের সঞ্চালনায় এবং মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা ও পর্যটনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সেক্টরের অংশীজন।








