গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে এরমধ্যে সিলেট বিভাগের কেউ নেই। গত ৭ আগস্ট ২৭ জনের মৃত্যুর পর আজ ৩০ জনের নিচে নামলো মৃতের সংখ্যা। এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয় গত ৩০ জুন, ৬৪ জন।
করোনায় এখন পর্যন্ত বাংলাদেশে মোট মারা গেছেন চার হাজার ৪১২ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগী মৃত্যুর কথা জানানো হয় গত ১৮ মার্চ। এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, করোনা শনাক্তে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৫তম এবং মৃতের তালিকায় ২৯তম।
আজ শুক্রবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ ঘণ্টায় ২৯ জনের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে, ১৪ জন। চট্টগ্রাম, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে মারা গেছেন। রাজশাহী বিভাগে চার জন, আর বরিশাল বিভাগে তিন জন মারা গেছেন। তবে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন সিলেট বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত মোট মারা যাওয়া চার হাজার ৪১২ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন দুই হাজার ১৩৪ জন; যা ৪৮ দশমিক ৩৭ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ৯৫২ জন; যা ২১ দশমিক ৫৮ শতাংশ। রাজশাহী বিভাগে ২৯৫ জন; যা ছয় দশমিক ৬৯ শতাংশ। খুলনা বিভাগে ৩৬৫ জন; যা আট দশমিক ২৭ শতাংশ। বরিশাল বিভাগে ১৭২ জন; যা তিন দশমিক ৯০ শতাংশ। সিলেট বিভাগে ১৯৭ জন; যা চার দশমিক ৪৭ শতাংশ। রংপুর বিভাগে ২০২ জন; যা চার দশমিক ৫৮ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৯৫ জন; যা দুই দশমিক ১৫ শতাংশ।
আবার বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ১৯ জন; যা শূন্য দশমিক ৪৩ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৭ জন; যা শূন্য দশমিক ৮৪ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১০৫ জন; যা দুই দশমিক ৩৮ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৬৭ জন; যা ছয় দশমিক শূন্য পাঁচ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫৮৫ জন; যা ১৩ দশমিক ২৬ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক হাজার ২০৮ জন; যা ২৭ দশমিক ৩৮ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী মারা গেছেন দুই হাজার ১৯১ জন; যা কিনা প্রায় অর্ধেক, ৪৯ দশমিক ৬৬ শতাংশ।








