জাতির জনকের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘সেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০২০’ পালন করছে বাংলাদেশ রেলওয়ে। এ উপলক্ষে রবিবার (৬ ডিসেম্বর) ঢাকা রেলওয়ে স্টেশন, কমলাপুর পরিদর্শনে করে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
একতা ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ৪-১০ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০২০ উদযাপন করছে বাংলাদেশ রেলওয়ে। এর মাধ্যমে যাত্রীদের সেবা আরও বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। সেবা ও নিরাপত্তা সপ্তাহ পালনের উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে সাতটি এবং পশ্চিমাঞ্চলে ১১টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। নির্ধারিত উদ্বোধনী স্টেশন ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, সান্তাহার, ঈশ্বরদী, পার্বতীপুর ও লালমনিরহাট হতে সংশ্লিষ্ট সেকশনের দায়িত্বপ্রাপ্ত টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রী বলেন, রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা এ সেবা সপ্তাহে যেসব বিষয় নিশ্চিত করবে তা হলো- কোভিডকালীন স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিতকরণ; রেলওয়ের হাসপাতাল সংলগ্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান; রেলওয়ে স্টেশন ও স্টেশন অংগন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা; ট্রেনসমূহের সময়ানুবর্তিতা নিশ্চিত করা; যাত্রীদের নিরাপত্তা সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করা; স্টেশনের ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা আপডেট রাখা; প্ল্যাটফরম, প্যাসেঞ্জার লাউঞ্জ, ওয়েটিং রুম, রিটায়ারিং রুম ও টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা; এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ অন্যান্য সেবা নিশ্চিত করা।
সিডিউল বিপর্যয় বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ডাবল লাইন না হওয়া পর্যন্ত সিডিউল বিপর্যয় রক্ষা করা সম্ভব নয়। রেলওয়ের মূল উন্নয়ন শুরু হয়েছে ২০১১ সালে। বর্তমান প্রধানমন্ত্রী রেলখাতের উন্নয়নে আন্তরিক হওয়ায় এখন নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে এবং রেলকে আধুনিক ও উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার চেস্টা করা হচ্ছে।’
এসময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শাসসুজ্জামানসহ বিভাগীয় রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








