দেশে গত ১ ডিসেম্বর থেকে টানা চার দিন ২ হাজারের ঘরে ছিল করোনা শনাক্ত। শনিবার (৫ ডিসেম্বর) থেকে দেশের ১০ জেলায় শুরু হয় অ্যান্টিজেন টেস্ট। এদিন শনাক্ত ছিলেন এক হাজার ৮৮৮ জন। আর আজ রবিবার (৬ ডিসেম্বর) শনাক্ত হয়েছেন এক হাজার ৬৬৬ জন। অর্থাৎ অ্যান্টিজেন টেস্টের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে শনাক্ত আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩১ জন।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করে এ চিত্র ফুটে উঠেছে।
রবিবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩১৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ২১৮টি। এখন পর্যন্ত ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ১৬৬ জন। এখন পর্যন্ত ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩১ জন, এই পর্যন্ত ৬ হাজার ৮৩৮ জন মৃত্যুবরণ করেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৫২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ, এখন পর্যন্ত ১৬ দশমিক ৬৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৯২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ২৩১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৬০৭ জন।
মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্বে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে এবং বরিশাল, সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে রয়েছেন।
২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩০ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।








