কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) প্রতিবাদ কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। এ বিষয়ে বাংলা ট্রিবিউন প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার বিকালে কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘ভাস্কর্য ভেঙে বাঙালির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। এটি একটি আদর্শ ও চেতনাকে লাঞ্ছিত করা। স্বাধীনতাবিরোধীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের নাম শুনলে গাত্রদাহ হয়। মূর্খের দল জানে না কোটি কোটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু আছেন, সেটি ভাঙবি কী করে?’
সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘তারেক রহমান ও জামায়াত-বিএনপির মদতে মৌলবাদী জঙ্গিগোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বাংলার মাটিতে তাদের এই অপতৎপরতা কোনোদিন বাস্তবায়ন হবে না।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের রাজশাহী মহানগর সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু।
গোপালগঞ্জ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের বিচারের দাবিতে গোপালগঞ্জ জেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। রবিবার দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বর থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গী চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, কোটালীপাড়ায় মানববন্ধন, টুঙ্গিপাড়া ও মুকসুদপুরেও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মৌলভীবাজার
ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার দুপুরে মিছিলটি অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদের নেতৃত্বে স্থানীয় শহীদ মিনার এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অপরদিকে জেলা যুবলীগের উদ্যোগে চৌমুহনা এলাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নীলফামারী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ।
এদিকে, বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডোমার উপজেলা আওয়ামী লীগ। এতে বক্তব্য রাখেন– উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ করিমুল, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া
ভাস্কর্য ভাঙার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, পাকিস্তানিদের সহযোগিতা ও সমর্থন করেছিল, আজ তাদের সন্তানরাই ভাস্কর্যের বিরোধিতা করছে।’
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়া
ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা রবিবার ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করেন৷
বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ নেতা শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, মিজানুর রহমান লালন, বিপুল খান, ফেরদাউসুর রহমান সোহাগসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর ১টায় শাপলা ফোরামের ব্যানারে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকরা। মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বেনাপোল, যশোর
ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বেনাপোলসহ শার্শা উপজেলার সর্বত্র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে বেনাপোলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান।
বিকাল ৪টায় বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগ অফিস থেকে বন্দরনগরী বেনাপোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় অফিসের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
মাগুরা
রবিবার সকালে জেলা আওয়ামী লীগের অফিস থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ভায়না মোড় ঘুরে চৌরাঙ্গী এলাকায় এসে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বগুড়া
বগুড়ায় মিছিল সমাবেশ করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ। রবিবার দুপুরে শহরের সাতমাথায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে সমাবেশ করে জেলা যুবলীগ এবং পরে শহরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে ছাত্রলীগ।
উভয় সমাবেশে বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জামালপুর
জামালপুরে প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার রাত ১০টার দিকে বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে শহরে বিক্ষোভ মিছিল করেন জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন– জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ আরও অনেকে।
এদিকে, জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ শহরের বকুলতলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
হিলি, দিনাজপুর
দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চ হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে বিকাল সাড়ে ৩টায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ মঞ্চ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি মুসাদ্দিক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আসাদ হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মুহিত আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুম আলী, ছাত্রী বিষয়ক সম্পাদক সামাইরা চৌধুরীসহ অনেকে।
ঠাকুরগাঁও
ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল করেছে জেলা ছাত্রলীগ। রবিবার সন্ধ্যায় শহরের চৌরাস্তা মোড়ের দলীয় কার্যালয় থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন– জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসের রনি ও সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক।
গাজীপুর
ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে রবিবার দিনব্যাপী সমাবেশ ও মিছিলে মিছিলে উত্তাল ছিল গাজীপুর। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে দিনভর প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে জাতীয় শ্রমিকলীগ গাজীপুর মহানগর শাখার প্রতিবাদ মিছিল জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এদিকে, চান্দনা চৌরাস্তা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বোর্ড বাজার এলাকায় আওয়ামী যুবলীগ, শহর এলাকায় জেলা ছাত্রলীগ, জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন, মীরের বাজার এলাকায় পূবাইল থানা আওয়ামী লীগ এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, হালিম মন্ডল, নাহিদ মোড়লসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








