আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সোমবার (১৪ ডিসেম্বর) নির্বাচনের তারিখ ঘোষণা করেন। নির্বাচনে ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
সিনিয়র সচিব জানান, সিনিয়র সচিব জানান, এ নির্বাচনে নতুন করে কোনও প্রার্থী দেওয়ার সুযোগ নেই। পূর্বে যারা প্রার্থী রয়েছেন তারা বৈধ প্রার্থী হবেন। তবে যেসব প্রার্থী তফসিল দেওয়ার পরে মারা গেছে সেসব এলাকায় নতুন করে তফসিল হবে। সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ড এবং সাধারণ ৩০, ৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডে নতুন প্রার্থী দেওয়া যাবে। এসব ওয়ার্ডে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ৭ জানুয়ারি পর্যন্ত।
গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে করোনা সংক্রমণের কারণে ২১ মার্চ নির্বাচন কমিশন ভোটগ্রহণের সিদ্ধান্ত বাতিল করে। পরে চট্টগ্রাম সিটি করপোরেশনে সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে।








