ঢাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এবং ভারতের রাজধানী নয়া দিল্লিতে জাতীয় জাদুঘরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আজ সকালে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আরও ছয়টি সমঝোতার স্মারকের সঙ্গে সই করা হয় এতে।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর সাবেক সচিব নজরুল ইসলাম খান ও ভারতের জাতীয় জাদুঘর এর অতিরিক্ত মহাপরিচালক সুব্রত নাথ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উভয় জাদুঘরের মধ্যে সম্পাদিত এই সমঝোতা স্মারকের মধ্যে অন্তর্ভুক্ত আছে বস্ত্রশিল্পের সংরক্ষণ, প্রশিক্ষণ ও প্রদর্শনী সংক্রান্ত বিষয়াদি।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সামিট উপলক্ষে মোট সাতটি চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই অংশ হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট এই সমঝোতা স্মারকটিও স্বাক্ষরিত হয়।








