২০২২ সালে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মিত হয়েছে। স্বচ্ছভাবে পদ্মা সেতুর কাজ আমরা করেছি। পদ্মা সেতু নির্মাণে কোনও অনিয়ম হয়নি এবং স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না। এখানে একটি টাকাও এদিক সেদিক হওয়ার কোনও উপায় ছিল না। আমি মন্ত্রী হিসেবে আমার এলাকার একজন লোককেও এখানে চাকরি দিতে যাইনি। এ সুযোগ আমি নিজেও নেইনি।’
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসের প্রতীক হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস একমাত্র বঙ্গবন্ধু কন্যারই রয়েছে, তা তিনি প্রমাণও করেছেন।’
মন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, ‘পদ্মা সেতু নিয়ে যারা আজ অনিয়মের কথা বলেন, তারা অতিরিক্ত ব্যয়ের কথা বলেন। তাদের বলবো, আপনারা বিরোধিতার জন্য বিরোধিতা করছেন। পদ্মা সেতুর ওপর দিয়ে যাবেন না এমন অঙ্গীকারও অনেকে করেছেন। যেখানে বিশ্বব্যাংক ভুল স্বীকার করে, সেখানে বাংলাদেশের একটি স্বার্থান্বেষী মহল এখনও বিদ্বেষ ছড়াচ্ছে। ইনশাআল্লাহ ২০২২ সালে সেতু দিয়ে পরিবহন চলবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি।’
চিরচেনা মহলটি এখনও নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের প্রশংসা না করে অপবাদ দিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং পরিদর্শন করেন।








