কোভিড-১৯ এর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাত হাজার ৩১২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ৫৪ দশমিক ২৮ শতাংশের বয়স ৬০ বছরের ওপরে। এছাড়া মৃতদের মোট ৫৪ দশমিক ৬৫ শতাংশ ঢাকা বিভাগের।
আজ সোমবার ( ২১ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ২১ জন। আর এখন পর্যন্ত ষাটোর্ধ্ব মারা গেছেন তিন হাজার ৯৬৯ জন।
অধিদফতর বিজ্ঞপ্তিতে জানায়, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মারা গেছেন এক হাজার ৮৬৬ জন, যা মোট মৃত্যুর ২৫ দশমিক ৫২ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮৫৯ জন, ১১ দশমিক ৭৫ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩৬৯ জন, পাঁচ দশমিক শূন্য পাঁচ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৫৯ জন, দুই দশমিক ১৭ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫৬ জন, শূন্য দশমিক ৭৭ শতাংশ এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে ৩৪ জন, শূন্য দশমিক ৪৬ শতাংশ।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১৫ জন। মোট মারা যাওয়া সাত হাজার ৩১২ জনের মধ্যে এ বিভাগের রয়েছেন তিন হাজার ৯৯৬ জন, যা কিনা শতকরা হিসেবে ৫৪ দশমিক ৬৫ শতাংশ। চট্টগ্রাম বিভাগে রয়েছেন এক হাজার ৩৫৯ জন, ১৮ দশমিক ৫৯ শতাংশ; রাজশাহী বিভাগে ৪২৯ জন, পাঁচ দশমিক ৮৭ শতাংশ; খুলনা বিভাগে ৫১৭ জন, সাত দশমিক শূন্য সাত শতাংশ; বরিশাল বিভাগে ২৩৫ জন, তিন দশমিক ২১ শতাংশ; সিলেট বিভাগে ২৮৯ জন, তিন দশমিক ৯৫ শতাংশ; রংপুর বিভাগে ৩২৮ জন, চার দশমিক ৪৯ শতাংশ; আর ময়মনসিংহ বিভাগে রয়েছেন ১৫৯ জন, দুই দশমিক ১৭ শতাংশ।
আরও পড়ুন- ৭ হাজার ৩০০ ছাড়ালো মৃত্যু








