প্রত্যেক জেলার পুলিশ সুপারকে (এসপি) সাধারণ মানুষের কাছে ‘রোল মডেল’ হতে হবে। পুলিশের মর্যাদা ও সম্মান বাড়াতে ‘চেঞ্জ মেকার’ হিসেবে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে। ১৩ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের উদ্দেশে এসব কথা বলেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
রবিবার (২০ ডিসেম্বর) রাতে পুলিশ সদর দফতর থেকে আইজিপি বলেন, ‘ব্রুটালিটি বা নৃশংসতাকে চিরতরে কবর দিতে হবে। জনগণের সঙ্গে মিশতে হবে। তাদের সমস্যাগুলো শুনতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। তাদের সঙ্গে সদাচরণ করতে হবে। মানুষকে ভালোবাসলে তাদের ভালোবাসা পাওয়া যাবে। করোনার সময় আমাদের সেই শিক্ষাই দিয়েছে।’
বেনজীর আহমেদ আরও বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত পুলিশ দেখতে চাই। পুলিশে দুর্নীতিবাজ ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের কোনও স্থান নেই।’
তিনি বলেন, সারাদেশে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। কার্যকরভাবে বিট পুলিশিং বাস্তবায়ন করতে হবে। যাতে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধী, অপরাধ প্রবণতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের কাছে থাকে।
আইজিপি বলেন, ‘ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিসিপ্লিনের প্রতিও নজর রাখতে হবে। ওয়েলফেয়ার ও ডিসিপ্লিনকে মেলানো যাবে না।’
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরীও বক্তব্য রাখেন। এ সময় পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে ১৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো, কুড়িগ্রাম, রাঙ্গামাটি, মাগুরা, গাজীপুর, শেরপুর, ঠাকুরগাঁও, পাবনা, বরগুনা, রাজবাড়ী, মৌলভীবাজার, কুমিল্লা, গোপালগঞ্জ ও বরিশাল।








