দেশি-বিদেশি অর্থায়নে বন্ধ পাটকলগুলোকে আধুনিকায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সচল চায় সংসদীয় কমিটি। এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকার প্রধানকে অনুরোধ করার সুপারিশ করেছে তারা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, শামসুন নাহার এবং মো. আনোয়ার হোসেন (হেলাল) বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বন্ধ ঘোষিত পাটকল শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র সংশোধনে সার্বিক সহযোগিতা প্রদান এবং মামলা প্রত্যাহার/নিষ্পত্তি করে অবসায়ন হওয়া শ্রমিক কর্মচারীদের জরুরিভিত্তিতে সব পাওনাদি পরিশোধের সুপারিশ করে কমিটি।
বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)কে একটি কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পুনরুজ্জীবিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।








