ভ্যাকসিন আনার পুরো প্রক্রিয়া শেষ, জানুয়ারির শেষ দিকেই দেশে ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএমএ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘আমরা ভ্যাকসিন আনার ব্যবস্থা করেছি। তিন কোটি ডোজ ভ্যাকসিন আনা হচ্ছে এবং সেটা জানুয়ারির শেষের দিকে আসবে।’
তিনি বলেন, ‘দ্বিতীয় ওয়েভের কথা আপনারা জানেন, ইউরোপ-আমেরিকাতে শুরু হয়ে গেছে। আমরা নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছি। বিমানবন্দরে কিছু ব্যবস্থা আমরা নিয়েছি। সে বিষয়ে কার্যক্রম চলছে। তবে করোনায় আমেরিকা ও ভারতের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে।’
শুরুতে করোনার চিকিৎসা পদ্ধতি জানা ছিল না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুরুতে কিছুটা ঘাটতি থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। চিকিৎসকরা অব্যাহতভাবে সেবা দিয়ে যাচ্ছেন। করোনা আক্রান্ত শতকরা ৮০ ভাগ রোগী বাসায় থেকে টেলিমেডিসিনে ভালো হয়েছেন।’
মন্ত্রী বলেন, ‘দুই হাজার ডাক্তার ও দেড় হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে স্বল্প সময়ে। সরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক যারা মারা গেছেন এবং চিকিৎসক যারা আক্রান্ত হয়েছেন, দ্রুততম সময়ে তাদের ইনসেনটিভ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এছাড়া বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘পুরো ইউরোপ লকডাউনে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে।’ চিকিৎসকদের সুস্থ ও সতর্ক থেকে সেবা চালিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।








