ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২০, ১৪:২৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৫:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৭ ডিসেম্বর) তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে মহিলাদের জন্য আলাদা ভবন এবং ২০টি ফায়ার স্টেশনসহ অন্যান্য সেবার উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে। তবে ২০০৭ সালে যেটা হয়েছে, ক্ষমতা ছাড়াও সবার আগে কিন্তু আমাকেই গ্রেফতার করা হয়েছিল। কাজেই সেটা আমরা জানি, রাজনীতি করতে গেলে এটা করতেই হবে। এ জন্য আমরা কারাগারগুলো উন্নত করে যাচ্ছি। কেন্দ্রীয় কারাগারে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। সেটা আমরা উদ্বোধন করেছি।’

কারাগারগুলোতে ভার্চুয়াল কোর্ট চালু প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘কেরানীগঞ্জের কারাগারেও ইতোমধ্যে কোর্টরুম তৈরি করা হয়েছে। এভাবে জেলা কারাগারগুলোতেও কোর্টরুম চালু করা হবে। অনলাইনের মাধ্যমে মামলাও পরিচালিত হবে। এখন করোনার সময় সরাসরি কোর্ট চালানো মুশকিল। তাই আমরা ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করেছি।’

সরকার প্রধান বলেন, ‘প্রত্যেকটি আইন ডিজিটালাইজ করে ফেলা হচ্ছে। যেকোনও মামলার কজ লিস্ট যেটা থাকবে সেটাও অনলাইনে জানা যাবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব কাজ যেন আরও সুন্দরভাবে-সুষ্ঠুভাবে হয়, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।’

মামলার রায় বাংলায় ছাপাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মামলার রায় ইংরেজিতে বের হয়, সেটাকে বাংলা করে ছাপানোর ব্যবস্থা করা হচ্ছে।’

কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো কারাগারে শুধু অপরাধীদের বন্দি করে রাখা নয়, সঙ্গে সঙ্গে তাদের মন-মানসিকতার পরিবর্তন করা, তাদের কিছু প্রশিক্ষণ দেওয়া, তাদের কিছু শিক্ষা দেওয়া; যাতে তারা বের হয়ে ভবিষ্যতে একই অপরাধে জড়িয়ে না পড়ে।’

শেখ হাসিনা বলেন, ‘কারাগারে যারা গ্রেফতার হয়ে যায়, তাদের পরিবারগুলো কষ্ট পায়। তারা অপরাধ করে অপরাধী। কিন্তু তারপরও তাদের পরিবারগুলো কষ্ট পায়। এতগুলো মানুষ বেকার বসে থাকবে কেন? সেই জন্য সেখানে তাদের ট্রেনিং করানো, কিছু পণ্য উৎপাদন করানো এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার ব্যবস্থা করে দিয়েছি। বাজারজাত করার ফলে যে টাকা আসবে খরচ রেখে (লাভের ৫০ ভাগ) বাকিটা যে উৎপাদন করবে সে পাবে। সে তা নিজে জমাও করতে পারবে, কিছু অংশ পরিবারকেও পাঠাতে পারবে।’

তিনি বলেন, ‘আমরা কারাগারে কতগুলো পরিবর্তন এনেছি। আমাদের কারারক্ষীদের কোনও ট্রেনিং ছিল না, তাদের নিরাপত্তারও কোনও ব্যবস্থা ছিল না। এমনকি তাদের থাকারও ভালো ব্যবস্থা ছিল না। নতুন কারাগারে সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। আমরা কারাগারগুলোর উন্নতি করে যাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘কারাগারে যারা যাবে, রাজবন্দি বাদে—যারা কোনও অপরাধ করে যায় তাদের ট্রেনিং দিয়ে যথাযথ মানুষ হিসেবে গড়ে তুলে আমরা ছেড়ে দেবো।’

সংগ্রামী জীবনে বঙ্গবন্ধুর বারবার জেল খাটার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু অপরাধ করলেই যে জেলে যায় তা না। ১৯৪৮ সালে যখন আমাদের মাতৃভাষা বাংলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদের কারণে কারাগারে যেতে শুরু করেন। তারপর তার জীবনের অনেকটা সময় কারাগারে কাটাতে হয়েছে অত্যন্ত মানবেতরভাবে।’

বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‌‘কারাগারের সঙ্গে সব সময় আমাদের একটা সম্পর্ক। ছোটবেলা থেকেই কারাগারে যাই, সেখানকার ভালোমন্দ অনেক কিছু জানারও সুযোগ হয়।’

এ সময় প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ফায়ার সার্ভিস স্টেশনগুলো হচ্ছে—নওগাঁর রানীনগর, মৌলভীবাজারের রাজনগর, রাজশাহীর মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, পাবনার সাথিয়া ও আটঘরিয়া, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, শরীয়তপুরের জাজিরা, কিশোরগঞ্জের করিমগঞ্জ, বগুড়ার শাহজাহানপুর ও আদমদীঘি, জয়পুরহাটের ক্ষেতলাল, সাতক্ষীরার আশাশুনি ও কলারোয়া, নেত্রকোনার বারহাট্টা, বরিশালের হিজলা, মানিকগঞ্জের হরিরামপুর, পিরোজপুরের ইন্দুরকানী, চট্টগ্রামের সন্দ্বীপ ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর।

এছাড়া প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস সুনামগঞ্জ, শরীয়তপুর, বাগেরহাট, মাদারীপুর, নেত্রকোনা ও নারায়ণগঞ্জে অবস্থিত। 

/এমএইচবি/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুরে ৪ খুনের পেছনে সম্ভাব্য দুই কারণ বলেছেন পুলিশ কমিশনার
রংপুরে ৪ খুনের পেছনে সম্ভাব্য দুই কারণ বলেছেন পুলিশ কমিশনার
নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে শোক জানালেন ড. খলিলুর রহমান 
নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে শোক জানালেন ড. খলিলুর রহমান 
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রফতানিকারকদের উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রফতানিকারকদের উদ্বেগ
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ