বছরের শেষ দিন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পরিবেশ অধিদফতরে মুজিব কর্নার উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। একইসঙ্গে অনলাইনে পরিবেশগত ছাড়পত্র ও নবায়নের জন্য তৈরি মোবাইল অ্যাপ এবং ত্রৈমাসিক নিউজলেটার ‘পরিবেশবার্তা’র মোড়ক উন্মোচন করেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে মুজিব কর্নার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘ঘরে ঘরে হাসি ফোটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতাকে হত্যা করে জাতিকে পেছনের দিকে নেওয়া হয়েছিল, এই ঘাটতি পূরণে আন্তরিকভাবে কাজ করছেন তিনি। জাতির পিতার স্বপ্ন পূরণে আমাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’
পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. একেএম রফিক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অধিদফতরের উপ-মহাপরিচালক হুমায়ুন কবিরসহ অন্যরা বক্তব্য রাখেন।
পরিবেশ মন্ত্রী বলেন, ‘জনগণকে সহজে সব সেবা অনলাইনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেশে সব ধরনের পরিবেশ দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, ‘যেকোনও মূল্যে দেশের পরিবেশ উন্নয়ন করতে হবে।’
পরিবেশ মন্ত্রী বলেন, ‘পরিবেশ অধিদফতরে তথ্যনির্ভর বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক আলোকচিত্রের সমন্বয়ে একটি নান্দনিক বঙ্গবন্ধু কর্নার স্থাপনের ফলে অধিদফতরে আগত অতিথিরা জাতির পিতার আদর্শ ও চেতনায় উদ্দীপ্ত হওয়ার সুযোগ পাবেন।’ তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এসব অনন্য উদ্যোগ স্মরণীয় করে রাখতে দেশব্যাপী এ বছর আট কোটির অধিক বৃক্ষরোপণ করা হয়েছে। এসব কর্মসূচি দেশের পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করবে।’
পরিবেশ মন্ত্রী বলেন, ‘পরিবেশ অধিদফতরের অন্যতম প্রধান সেবা পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন মোবাইল ফোনের মাধ্যমে প্রদানের লক্ষ্যে নির্মিত অ্যাপ্লিকেশন সেবা গণমানুষের আরও কাছাকাছি নিয়ে যাবে।’ মন্ত্রী বলেন, ‘পরিবেশ অধিদফতরের সার্বিক কর্মকাণ্ডের ওপর সুদৃশ্য ত্রৈমাসিক নিউজলেটার ‘পরিবেশবার্তা’র মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজন এবং সর্বসাধারণ পরিবেশ অধিদফতরের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ‘একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধু আমাদের শুধু একটি স্বাধীন দেশই উপহার দেননি, দেশের মানুষকে একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন।’ তিনি বলেন, ‘জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’








