গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭ জন। তার মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৫৭৬ জন। তাদের মধ্যে চার হাজার ১৩৮ জনই ষাটোর্ধ্ব। শতকরা হিসাবে ৫৪.৬২ শতাংশ।
শুক্রবার (১ জানুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
ষাটোর্ধ্বদের পর মারা যাওয়া মানুষের বয়স বিবেচনায় রয়েছেন ৫১-৬০ বছর বয়সীরা। এ সংখ্যা এক হাজার ৯২০ জন, যা ২৫.৩৪ শতাংশ, ৪১-৫০ বছরের মধ্যে আছেন ৮৮৯ জন, যা ১১.৭৩ শতাংশ, ৩১-৪০ বছরের মধ্যে আছেন ৩৭৮ জন, যা ৪.৯৯ শতাংশ, ২১-৩০ বছরের মধ্যে আছেন ১৫৯ জন, যা ২.১০ শতাংশ, ১১-২০ বছরের মধ্যে আছে ৫৭ জন, যা ০.৭৫ শতাংশ আর ০-১০ বছরের মধ্যে রয়েছে ৩৫ জন, যা কিনা ০.৪৬ শতাংশ।
কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বয়স্করা যেকোনও রোগের ক্ষেত্রে সবসময় ঝুঁকিপূর্ণ। তারা আগে থেকেই নানা জটিল রোগে আক্রান্ত থাকেন। তারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার, হৃদযন্ত্রের সমস্যায় ভোগেন। যে কারণে বয়স্করা স্বাভাবিকভাবেই দুর্বল থাকেন এবং সহজেই কাবু হয়ে যান।’
মারা যাওয়া সাত হাজার ৫৭৬ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন চার হাজার ১৬৩ জন, যা শতকরা হিসেবে ৫৪.৯৫ শতাংশ, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৪১২ জন, যা ১৮.৪ শতাংশ, রাজশাহী বিভাগে ৪৩৩ জন, যা ৫. ৭২ শতাংশ, খুলনা বিভাগে ৫৩২ জন, যা ৭.০২ শতাংশ, বরিশাল বিভাগে ২৩৮ জন, যা ৩.১৪ শতাংশ, সিলেট বিভাগে ২৯১ জন, যা ৩. ৮৪ শতাংশ, রংপুর বিভাগে ৩৪০ জন, যা ৪.৪৯ শতাংশ আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১৬৭ জন, যা ২.২০ শতাংশ।








