দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯৭৮ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ জন এবং এখন পর্যন্ত ৭ হাজার ৬৮৭ জন মারা গেছেন। বুধবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টানা পাঁচ দিনের মতো করোনায় শনাক্তের সংখ্যা হাজারের নিচে রয়েছে।
এর আগে মঙ্গলবার ৯৯১ জন, সোমবার ৯১০ জন, রবিবার ৮৩৫ জন এবং শনিবার ৬৮৪ জন শনাক্ত হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৮৯টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৪৪টি। এখন পর্যন্ত ৩৩ লাখ ২ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ২১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন সুস্থ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৬ দশমিক ২৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ৭১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৯ দশমিক ৩২ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৬ জন নারী। এখন পর্যন্ত ৫ হাজার ৮৪৬ জন পুরুষ এবং এক হাজার ৮৪১ জন নারী মারা গেছেন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় এক জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ১৭ জন।









