পরিবেশ সচিব জিয়াউল হাসান এনডিসি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। অফিস-আদালতসহ সারাদেশের সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করেই আমরা জাতির পিতাকে স্মরণ করবো।’
সোমবার (১১ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত অবশিষ্ট কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় সচিব এসব কথা বলেন।
সচিব বলেন, ‘কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্বরচিত লেখনি ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া বন ও পরিবেশ উন্নয়নে বঙ্গবন্ধু প্রদত্ত নির্দেশনা ও গৃহীত পদক্ষেপসমূহের ওপর ভিত্তি করে স্মারক সংকলন প্রকাশ করা হবে।’ পরিবেশ সচিব এ সময় কোভিড পরিস্থিতির কারণে স্থগিত অবশিষ্ট কর্মসূচি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সম্পাদনের জন্য মন্ত্রণালয় কর্মকর্তা ও এর অধীন সংস্থা প্রধানদের নির্দেশনা দেন।
এ সময় সভায় অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (পরিবেশদূষণ নিয়ন্ত্রণ) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মিজানুল হক চৌধুরী, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ, বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. ছালাহ উদ্দীন চৌধুরী, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক পরিমল সিংহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









