দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৩৮ জনের। প্রতি ১০০টি নমুনায় এর হার ২ দশমিক ৯২। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। বুধবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন। আর এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১৬২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ১৪৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৮৫টি। এখন পর্যন্ত ৩৬ লাখ ৯৩ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় ৫৭৮ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ২ দশমিক ৯২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৫৩ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৭০ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৫২ শতাংশ।
মারা যাওয়াদের মধ্যে ১১ জন পুরুষ এবং ২ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ১৮৮ জন এবং নারী মারা গেছেন এক হাজার ৯৭৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে একজন, খুলনায় ২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ১১ জন এবং বাসায় মারা গেছেন ২ জন।









