খোলা বাজারে বিক্রির (ওএমএস) আওতায় এবার ট্রাকে করে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা মহানগরীতে গুরুত্বপূর্ণ পয়েন্টে চারটি ট্রাকে করে এ চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে প্রতিদিন চার টন করে মোট ১২ টন চাল বিক্রি করা হবে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি থেকে সরকারের ওএমএস কর্মসূচি শুরু হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুমন মেহেদি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওএমএস খাতে ঢাকা মহানগরে অ, ই, ঈ ক্যাটাগরি ভিত্তিতে ১২৪টি বিক্রয়কেন্দ্রে দৈনিক ১ থেকে দেড় মেট্রিক টন আটা এবং ১ মেট্রিক টন চাল বিক্রি হয়ে আসছে। একইসঙ্গে শ্রমঘন ৪টি জেলায় (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) মোট ১৪৭টি কেন্দ্রে দৈনিক ২ মেট্রিক টন করে আটা এবং ১ মেট্রিক টন করে চাল বিক্রি হয়ে আসছে। এছাড়াও অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে মোট ৪৩২টি বিক্রয় কেন্দ্রে দৈনিক ১ মেট্রিক টন করে চাল এবং ১ মেট্রিক টন করে আটা বিক্রি হয়ে আসছে।
এছাড়াও ইনোভেশন কার্যক্রমের আওতায় সচিবালয় প্রাঙ্গণে দৈনিক ২ মেট্রিক টন এবং মতিঝিল ও আজিমপুর এলাকায় দৈনিক কেন্দ্রপ্রতি ১ মেট্রিক টন করে প্যাকেট আটা বিক্রি করা হচ্ছে।









