নির্বাচনের পরিবেশ শান্ত রেখে কাজ করার জন্য নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। সামনের নির্বাচনগুলো সংঘাতপূর্ণ হবে না বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আশা করি, সামনের নির্বাচন ভালো ও সুষ্ঠু হবে।’
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে সংবাদ সংগ্রহে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডি’র এক অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।
সিইসি কেএম নুরুল হুদা বলেন, ‘মে মাসের মাঝামাঝি দেশজুড়ে ইউনিয়ন পরিষদের ভোট শুরু হবে। এর আগে আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ এবং ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ ধাপের বাদবাকি পৌরসভা এবং কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ এপ্রিল করার প্রস্তাব এসেছে। ১৭ ফেব্রুয়ারি কমিশন সভায় এ বিষয়টি চূড়ান্ত করা হবে।’
ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোটার তালিকা চূড়ান্ত করে সিডি তৈরির বিষয় ও রমজান রয়েছে। ৭ এপ্রিল কিছু নির্বাচন হবে। তবে ঈদের পর মধ্য মে মাসে ইউপি নির্বাচন শুরু হবে।’









