আমদানিযোগ্য সব ধরনের স্পোর্টস-সামগ্রী ট্যাক্স ফ্রি করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মুর্শেদী, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট পরিদর্শনের সিদ্ধান্ত হয় এবং এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষিণ ও উত্তর পাশে অবস্থিত ১৪ একর জমি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে গ্রহণের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।
নবনির্মিত শ্যুটিং একাডেমির নাম ‘বঙ্গবন্ধু শ্যুটিং কমপ্লেক্স’ নামকরণ এবং বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনসহ অন্যান্য ইভেন্টের সরঞ্জামাদি আমদানির ক্ষেত্রে ট্যাক্স ফ্রি করার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।









