সুন্দরবনের কাছে অবস্থিত দুবলার চরের সম্প্রসারণ চায় সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (১১ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মোংলা ও পায়রা বন্দরের সবচেয়ে অনুকূল সম্ভাবনা কী কী রয়েছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করে একটি পরিকল্পনা তৈরির সুপারিশ করা হয়। এছাড়া দুবলার চরে বালি ফেলে চরটিকে আরও সম্প্রসারণ করা যায় কিনা, তার সম্ভাব্যতা যাচাইয়ের করার জন্য সুপারিশ করা হয়।
চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের মৌলিক গঠন, নীতিমালা ও সুযোগ-সুবিধা একই ধরনের রাখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া দুর্যোগকালীন বন্দরগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যবহারের জন্য মূল্য-উপযোগিতা বিশ্লেষণ করে হোভারক্রাফট ক্রয়ের সুপারিশের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।
চট্টগ্রাম ও পায়রা বন্দরের আশেপাশে লোকালয় থাকায় বিস্ফোরক উপাদানগুলো আশেপাশে কোনও উপযুক্ত চরে সংরক্ষণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।









