ভাষা আন্দোলনের ইতিহাসে জাতির জন্য অবিস্মরণীয় একটি গৌরবোজ্জ্বল দিন ১১ মার্চ। ১৯৪৮ সালের এই দিনে ‘রাষ্ট্র ভাষাবাংলা চাই’ দাবিতে তৎকালীন পূর্ববাংলায় সর্বাত্মক সাধারণ ধর্মঘট পালিত হয়। এটাই ছিল ভাষা আন্দোলনের ইতিহাস তথা পাকিস্তান প্রতিষ্ঠার পর এ দেশের প্রথম সফল ধর্মঘট।
১১ মার্চ প্রতিবাদের যে ভিত রচনা হয়েছিল তারই সূত্র ধরে এই সংগ্রামের পরিপূর্ণতা লাভ করে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে। দিবসটি উপলক্ষে ডাক অধিদফতর স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকায় তার দফতরে এ বিষয়ে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এছাড়া ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড উদ্বোধন করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড বর্তমানে ঢাকা জিপিও’রফিলাটেলিক ব্যুরো থেকে সংগ্রহ করা যাচ্ছে। পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে।









