দেশের সব সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বুধবার (১৭ মার্চ)
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় ১০১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির অনুষ্ঠানমালার সূচনা করা হয়। এদিন টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের সময় আন্তঃবাহিনী অনার গার্ড প্রদান করা হয়। জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপনে সেনাবাহিনীর সব স্তরের সামরিক এবং অসামরিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে সব সেনানিবাসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে ঢাকাসহ সব সেনানিবাসের প্রতিটি প্রবেশ পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সুসজ্জিত করা হয়। জাতির পিতার জীবনাদর্শ, মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা, দেশ গঠনে রাজনৈতিক অবদান ও বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরে সব সেনানিবাসে বর্ণাঢ্য র্যালি’র আয়োজন করা হয়। সেনাবাহিনীর সব
ইউনিট, প্রতিষ্ঠান এবং সদর দপ্তরসমূহে জাতির পিতার জীবনীর ওপর আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়াও সেনাবাহিনী পরিচালিত সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে আলোচনা অনুষ্ঠান, কুইজ, রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ইত্যাদিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনে জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সেনানিবাসসমূহের সব মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।









