শেখ হাসিনা বাংলাদেশের নতুন ইতিহাস নির্মাতা: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ১৬:৩৪আপডেট : ১৭ মে ২০২১, ১৯:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপন কর্ম মহিমায় বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শেখ হাসিনা আজ হিমাদ্রি শিখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কাণ্ডারি।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সোমবার (১৭ মে) তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে করোনা সংকট মোকাবিলা করে বাংলাদেশ আজ কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে বলে এ অনুষ্ঠানে আশাবাদ প্রকাশ করেন তিনি। ’৭৫ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে সৎ, সাহসী ও মানবিক নেতা শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের বিস্ময়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনা গত চার দশক ধরে দলকে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। শেখ হাসিনা দীর্ঘ পথ অতিক্রম করে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বারবার জীবনের জয়গান গেয়েছেন।’

বঙ্গবন্ধু রাজনীতির রোল মডেল, আর উন্নয়নের রোল মডেল হিসেবে শেখ হাসিনার নাম চির ভাস্বর হয়ে থাকবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলছে।’

তিনি আরও বলেন, ‘আপসহীন কাণ্ডারি হিসেবে উন্নয়নের মহাসড়ক ধরে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই ঢাকায় আজ তরুণ প্রজন্মের মেট্রোরেল, নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতুর কাজ এখন শেষ পর্যায়ে, সার্বিক অগ্রগতি শতকরা ৮৫ ভাগ।’‌ তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ‘আগামী বছর জুনে এই সেতুর নির্মাণকাজ শেষ হবে।’

শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এটা শেখ হাসিনার সাফল্যের মুকুটে যুক্ত আরও একটি সোনালি পালক।’

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানবিকতা আছে বলেই শেখ হাসিনা খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তি দিয়েছেন।’ তিনি বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, ‘এটা কি মানবিকতা নয়?’ ওবায়দুল কাদের বলেন, ‘এই মানবিকতার একটা প্রশংসাও বিএনপি নেতারা করেননি।’

১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যা দিবসে কেক কেটে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বিএনপি উল্লেখ করে কাদের বলেন, ‘এই রেকর্ড আর কারও নেই, যা বিএনপি সৃষ্টি করেছে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক খানের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রকৌশলী আবদুস সবুর, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ বক্তব্য রাখেন।

 

/এমএইচবি/এপিএইচ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম