আগামী অর্থবছরেও করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জরুরি চাহিদা মেটানোর জন্য পুনরায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় এ বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেন।
তিনি বলেন, বিগত বাজেটে কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় বিশেষ কার্যক্রম বাস্তবায়নের জন্য বিপুল বরাদ্দ রেখেছিলাম। এ ছাড়া, যেকোনও জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রেখেছিলাম।
করোনা প্রাদুর্ভাবের বছর পেরিয়ে গেলেও বিশ্বব্যাপী অব্যাহত মহামারির ভয়াবহ প্রকোপের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আমি বিগত বাজেটের মতো এবারও অঙ্গীকার করছি, এ মহামারি মোকাবিলায় যা করণীয় তার সবকিছুই সরকার করে যাবে। সে কারণে আগামী অর্থবছরেও কোভিড-১৯ মোকাবিলায় জরুরি চাহিদা মেটানোর জন্য পুনরায় ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করছি।









