কুয়েতে দণ্ডিত কাজী শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের নুর উদ্দিন চৌধুরী নয়ন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
সোমবার (২৮ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথকক্ষে নয়নকে শপথ পড়ান বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
শপথ শেষে নুর উদ্দিন চৌধুরী নয়ন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আনোয়ার হোসেন খান ও একেএম শাহাজাহান কামাল উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল গত বছর ৬ জুন কুয়েতে মানব ও অর্থপাচারের অভিযোগে গ্রেফতার হন। চলতি বছরের ২৮ জানুয়ারি তাকে চার বছরের কারাদণ্ড দেন কুয়েতের আদালত। পরে সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়।
কুয়েতের রায়ের নথি হাতে পাওয়ার পর গত ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে তার আসন শূন্য ঘোষণা করা হয়।









