আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি এবং কোরবানি করা পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠুভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধে এগিয়ে আসতে সরকারি ও বেসরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বুধবার (৭ জুলাই) কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা বা অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধকল্পে করণীয় বিষয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় সভায় এ অনুরোধ জানানো হয়।
সভায় মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (পদুনি) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন।
সভায় সচিব বলেন, ‘কোরবানি যেমন একটি পবিত্র বিষয়। তেমনি গুরুত্বপূর্ণ পরিবেশ পরিচ্ছন্ন রাখা। আমরা সংশ্লিষ্ট সবাইকে কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশসম্মতভাবে অপসারণের আহ্বান জানাচ্ছি। এ ক্ষেত্রে শুধু সরকার নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিয়ম মেনে বর্জ্য ফেলতে হবে। যেখানে সেখানে কোরবানি দেওয়া যাবে না। জনসচেতনতার জন্য আমরা প্রচারপত্র বিলি করার পরিকল্পনা করেছি।’ পাশাপাশি ফেসবুক বুস্টিং এবং মোবাইলে মেসেজের মাধ্যমে জনগণকে সচেতন করা হবে বলে তিনি জানান।
সভায় জানানো হয়, কোরবানি করা পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠুভাবে অপসারণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চার লাখ কপি প্রচারপত্র সব সিটি করপোরেশন, পৌরসভা, পরিবেশ অধিদফতরের বিভাগ ও জেলা কার্যালয়, জেলা প্রশাসন, জেলা তথ্য অফিসসহ অন্যান্য সংস্থার মাধ্যমে দেশব্যাপী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও পরিবেশ অধিদফতর ফেসবুক বুস্টিং এবং মোবাইলে মেসেজের মাধ্যমে এ সংক্রান্ত বার্তা জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করবে।
ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশের মসজিদে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মসজিদের ঈমামদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে করণীয় সম্পর্কে জুম্মার নামাজে বক্তব্য রাখার আহ্বান জানান হয়। একইভাবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সব বেসরকারি চ্যানেলে এ বিষয়ে তথ্য সংবলিত বার্তা ও স্পেশাল বুলেটিন প্রচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সভায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে কোরবানির আবর্জনা অপসারণে বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান হয়।









