ট্রেন ভাড়া বাড়ানোর পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। ভাড়া বাড়ানোর পাশাপাশি যাত্রী সেবার মানও ঠিক রাখার পরামর্শ দেওয়া হয়েছে ওই বৈঠকে।
কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা ও ইয়াসিন আলী।
বৈঠক শেষে এবিএম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ট্রেনে বর্তমান যে ভাড়া আছে সেটা খুবই কম। এ জন্য আমরা বাড়াতে বলেছি। তবে যাত্রীসেবার মান ঠিক রাখা ও সাধারণ শ্রেণির ভাড়া যাতে বেশি বাড়ানো না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।’
জানা গেছে, প্রায় ২০ বছর সময়ের ব্যবধানে ট্রেনের ভাড়া সর্বশেষ বেড়েছিল ২০১২ সালে। তখন কিলোমিটার প্রতি গড় ভাড়া ২৪ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ৩৬ পয়সা। এরপর আবারও ভাড়া বাড়ানোর পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়টি উত্থাপন করা হয়।
সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রনালয়ের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির প্রস্তাব তোলা হলে কমিটি এ পরামর্শ দেয়। তবে যাত্রীসেবার মান ঠিক রেখে সাধারণ শ্রেণির ভাড়া যাতে বেশি বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, দেশের সব সরকারি ও বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জরুরি ভিত্তিতে রেল প্রকৌশল বিভাগ চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এবং ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ রেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। বাংলাদেশ রেল পুলিশের দক্ষতা বৃদ্ধির জন্য ‘রেল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র’ স্থাপন এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশনের সার্বিক (স্ক্যানার স্থাপনসহ) নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ঢাকা এবং চট্টগ্রামে বহুতল বাণিজ্যক আইকন ভবন নির্মাণের বাস্তবসম্মত ব্যবস্থা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ঢাকার ফুলবাড়িয়া এলাকায় ২.৮৭ একর রেল ভূমিতে এবং চট্টগ্রামে ষ্টেশন সংলগ্ন নিউমার্কেটের কাছে ১.৩৫ একর ভূমিতে বহুতল বানিজ্যিক আইকন ভবন নির্মানের পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/ওএফ/এফএস/








