যথাযথ মর্যাদায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমানবাহিনী। আজ শুক্রবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় একাত্তরের মুক্তিযুদ্ধে এই বীর সেনানীর গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। মিলাদ মাহফিলে বিমান বাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক। তিনি জাতির এই সূর্য সন্তানের বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন।
এসময় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার কমডোর হাসান মাহমুদ খান শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনলাইনে বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজেও শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনের উপর আলোকপাত ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।









